
কক্সবাজারে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে দু’জন রোহিঙ্গা ইয়াবা কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান রবিবার ১৯ জানুয়ারি এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ হল–টেকনাফ উপজেলার ইয়াবা জোন হিসাবে খ্যাত উত্তর নাইট্যংপাড়ার মোহাম্মদ ছৈয়দ মাস্টারের পুত্র মোহাম্মদ জামালের ভাড়া বাসা থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারি ভোর ৬ টার দিকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার প্রংপ্রু গ্রামের বাসিন্দা মোহম্মদ আলমের পুত্র মোহাম্মদ রফিক খোকন ও একই এলাকার মোহাম্মদ কালুর পুত্র মোহাম্মদ আবদুল আমিন এবং ভাড়াটিয়া মোহাম্মদ জামালকে ২ নম্বর বিজিবি’র একটি টিম অভিযান চালিয়ে আটক করে। পরে বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর টেকনাফ থানা-১৬/২০১৫, তারিখ-৭/০১/২০১৫। জিআর মামলা নম্বর-১৬/২০১৫ (টেকনাফ) ও এসটি মামলা নম্বর-২১৬৩/২০১৫ ইংরেজি।
আদালতে মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। জেরা ও চূড়ান্ত শুনানি শেষে মামলার ১ ও ২ নম্বর আসামি রোহিঙ্গা ইয়াবা কারবারী মোহাম্মদ রফিক খোকন ও মোহাম্মদ আবদুল আমিন প্রত্যেককে যুগ্ন জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ২ মাস করে কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করা হয়। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট আবুল কাসেম।