কক্সবাজার-১ সংসদীয় আসনে চকরিয়া ও পেকুয়ার মাঝখানে আরেকটি নতুন উপজেলা, একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন গঠনের কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের আধা সরকারি পত্র (ডিও লেটার) পেয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি-এলজি) মো. শামীম আল ইমরান।
তিনি বলেন, রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর আধা সরকারি পত্র (ডিও লেটার) হাতে পাওয়ার পর এর প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, চকরিয়া থেকে আলাদা করে পেকুয়ার মাঝামাঝি মাতামুহুরী উপজেলা, পেকুয়া সদর ইউনিয়নকে পৌরসভা, উত্তর হারবাং, পঁহরচাদা ও মালুমঘাট ইউনিয়ন গঠন করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ডিও লেটার দেন। ত্রয়োদশ নির্বাচনে সালাহউদ্দিন আহমদ নির্বাচিত হলে এসব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, মাতামুহুরী নদীর তীর ঘেঁষা জেলার সবচেয়ে বড় উপজেলা চকরিয়া। ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলাটি ১৯৯৩ সালে থানা এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তর করা হয়। আদমশুমারির তথ্য অনুযায়ী, এর জনসংখ্যা ৫ লাখ ৭১ হাজার ২৭৪ জন।
অন্যদিকে ২০০২ সালের ২৩ এপ্রিল চকরিয়া থেকে ৭টি ইউনিয়ন আলাদা করে পেকুয়া উপজেলা গঠিত হয়েছিল। বর্তমানে পেকুয়ার জনসংখ্যা ২ লাখ ১৪ হাজার ৩৫৭ জন।
স্থানীয়রা জানিয়েছে, এই দুই উপজেলার জনগোষ্ঠীর সেবা দিতে হিমশিম খেতে হয় সরকারি দপ্তরগুলোর। অপরদিকে বৃহৎ উপজেলা হওয়া কারণে সাধারণ মানুষকে নানান ভোগান্তিতে পড়তে হয়। এই পরিস্থিতিতে চকরিয়াকে ভেঙে ‘মাতামুহুরী’ নামে আলাদা উপজেলা গঠনের দাবি উঠেছিল বহুদিন আগে। অপরদিকে পেকুয়া সদর ইউনিয়নকে পৌরসভায় গঠনের খবর নতুন করে শোনা গেল।
এদিকে, গত শনিবার নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের প্রাথমিক কার্যক্রম নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত প্রতিনিধিরা জানান, নতুন এই প্রশাসনিক ইউনিটগুলো গঠিত হলে সাধারণ মানুষকে আর দূর-দূরান্তে গিয়ে সেবা নিতে হবে না। এতে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা মনে করছেন।
বৈঠকে উপস্থিত জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের একজন উপ-পরিচালকের উপস্থিতিতে সভাটি ফলপ্রসূ হয়েছে। আশা করছি, শিগগিরই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, মাতামুহুরীকে পূর্ণাঙ্গ উপজেলা এবং চকরিয়ায় নতুন তিনটি ইউনিয়ন গঠনের বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেই নির্দেশনা মতে, এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। মূল লক্ষ্য ছিল, পরবর্তী পদক্ষেপে যেন কোনো ধরনের প্রশাসনিক বা আইনি জটিলতা তৈরি না হয়।