
অবৈধ বসবাস, শ্রম আইন লঙ্ঘন ও সীমান্ত সংক্রান্ত অপরাধ দমনে ব্যাপক ধরপাকড় চালিয়েছে সৌদি আরব। রোববার (২৬ এপ্রিল) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে মোট ১৭ হাজার ৩৬৮ জন প্রবাসীকে বহিষ্কার করেছে সৌদি প্রশাসন। এর মধ্যে ১৩ হাজারের বেশি প্রবাসীকে আটকের তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে নিরাপত্তা জোরদার করে ব্যাপক তল্লাশি চালানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১২ হাজার ১৯২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৬ হাজার ৬০৬ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন, ৩ হাজার ৫১০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন এবং ২ হাজার ৭৬ জন শ্রম আইন সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিলেন।
এছাড়া আরও ১ হাজার ৪৫৪ জনকে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক, পাশাপাশি ইয়েমেনসহ অন্যান্য দেশের নাগরিকও ছিলেন। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয় আরও ৫০ জনকে।
অভিযানের অংশ হিসেবে ২০ হাজারের বেশি ব্যক্তিকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং অনেকের প্রস্থানের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩৩ হাজারের বেশি প্রবাসী এই অভিযানের আওতায় আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
এদিকে অবৈধভাবে বসবাস বা প্রবেশে সহায়তার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবহন, আশ্রয় দেয়া বা কাজের সুযোগ করে দেয়ার অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এ ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।