
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তংচঙ্গ্যা (১৫) নামে এক বাংলাদেশি তংচঙ্গ্যা কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা-এর ঘুমধুম ইউনিয়নের তুইংগাঝিরি বিওপি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মুইঙ্গাঝিড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সতনাইং তংচঙ্গ্যা ঘুমধুম ইউনিয়নের বালুখালী পোস্টের বাইশফাড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা কিংলা তংচঙ্গ্যার ছেলে।
সীমান্তের একাধিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, তুইংগাঝিরি বিওপি এলাকার সীমান্ত পিলার-৩৯-এর উত্তর-পূর্ব দিকে এবং শূন্যরেখার অদূরে মিয়ানমারের ভেতরে একটি ঝিরিতে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল পড়ে থাকতে দেখে ওই কিশোর। কৌতূহলবশত সেটি হাতে নিয়ে পাশের একটি পাথরের সঙ্গে আঘাত করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের স্বজনরা বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সীমান্ত এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন। পরে দুপুর আড়াইটার দিকে মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে পরিত্যক্ত গোলাবারুদ ও বিস্ফোরক সদৃশ বস্তু থেকে দূরে থাকার বিষয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে সতর্কতা দেখা দিয়েছে।