
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাবেক এই মন্ত্রী পরিবার নিয়ে ওই বাসায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া ভাঙচুরসহ বিভিন্ন ধরনের মামলাও রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট এসব মামলা সিলেটে দায়ের করা হয়েছে।’
এছাড়াও দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন পুলিশ।
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাসময়ে তাকে আদালতে তোলা হবে বলেও জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, তার মুঠোফোন চেক করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে।