
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শাপলাপুর পুরানপাড়ানিবাসী মোহাম্মদ ইসলামের পুত্র আমজাদ হোসেন খোকন (৩৫) এর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামী খোকন তার নামে ইস্যুকৃত সম্পদ বিবরণী ফরম গ্রহণের পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা পূরণ করে দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের মামলার এজহারে ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন, সজেকা, চট্টগ্রাম-২ এর সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনাকালে আসামী আমজাদ হোসেন খোকন, তার স্ত্রী, ছেলে সন্তান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তির নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক তার বিরুদ্ধে সম্পদ বিবরণী আদেশ জারির সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। দুদকের প্রধান কার্যালয় ১৬ সেপ্টেম্বর আসামী আমজাদ হোসেন খোকনের নামে সম্পদ বিবরণী ফরম ইস্যু করে। এই সম্পদ বিবরণী ফরম জারি করার জন্য দুদক, সজেকা, চট্টগ্রাম-২ কার্যালয়ের কোর্ট সহকারি (এএসআই) মোঃ জাহাঙ্গির আলম ও কনস্টেবল মোঃ ফারুখ উদ্দীনকে প্রেরণ করা হয়। আসামী ২২ সেপ্টেম্বর তা নিজ স্বাক্ষরে গ্রহণ করে। খোকন নির্ধারিত সময়ের মধ্যে মূল সম্পদ বিবরণী ফরম পূরণ করে দুদকে দাখিল করেনি। এমনকি সম্পদ বিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদনও করেনি বলে দুদকের এজাহারে বলা হয়।
খোকন তার নামে ইস্যুকৃত সম্পদ বিবরণী ফরম গ্রহণের পর নির্ধারিত ২১ কার্যদিবস অতিক্রম হয় ২২ অক্টোবর। এর মধ্যে তা পূরণ করে দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় সে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে উক্ত ধারায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।