
করোনা সংক্রমণ রোধে সরকারের স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। সমুদ্র সৈকত উন্মুক্ত হওয়ার পর নির্বাহী হাকিমের নেতৃত্বে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নানা সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এবার সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে পর্যটকদের জনসচেতনতা তৈরিতে মাস্ক বিতরণ করেছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। এছাড়াও মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেওযা হচ্ছে না।
গত মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা নানা কর্মসূচি গ্রহণ করেছে। যার অংশ হিসেবে জেলাব্যাপী ৪৮ হাজার মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছে নির্বাহী হাকিমদের নেতৃত্বে মনিটরিং দল। মাস্ক ছাড়া কাউকে সৈকতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়সহ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা।