
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আলম তুহিন নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার ৩ বন্ধুকে জীবিত উদ্ধার করেছে সৈকতের লাইফগার্ড ও বিচ কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান।
জানা গেছে, মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে নেমে সমুদ্রের পানিতে ভেসে যায় তারা চারজন। এর মধ্যে ৩ জনকে উদ্বার করা হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে তুহিন।
১৫ বছর বয়সী তুহিন কক্সবাজার পৌরসভার ৩নং ওয়াডের নুর পাড়ার বাসিন্দা।
সৈকতের বীচ কর্মী ও লাইফগার্ড জানিয়েছেন, এখনও পর্যন্ত নিখোঁজ তুহিনকে উদ্বার করা যায়নি। তবে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
উদ্বার হওয়া তিনজন হলেন—আসেক নুর, মেহরাফ উদ্দীন ও ফাহমাদ ইসলাম। তারা তিনজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে