
কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫)।
বুধবার (১৪ মে) র্যাব-১৫ এর পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৩ মে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প জানতে পারে, একদল মাদক কারবারি লবণের ট্রাকে করে ইয়াবার বড় একটি চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে রাত ১১টা ৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও ১০০ মণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী এলাকার আহম্মদ ছফার ছেলে মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং এলাকার রহমত উল্লাহর ছেলে নুর মোহাম্মদ (৪২)।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১টা ৫ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্প। এ সময় স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ঈদগাঁও থানার কালীরছড়া এলাকার মৃত আব্দুল নবীর ছেলে মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং নুর আহম্মদের ছেলে মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।
র্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া নিরাপদ ও মাদকমুক্ত কক্সবাজার গড়তে র্যাবের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।