উখিয়া নিউজ ডটকম::
জাতিগত নিধনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা অসহায় পাঁচ হাজার রোহিঙ্গা শিশুর মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত থেকে এই সব খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
জাকির হোসাইন বলেন, ‘রোহিঙ্গা শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছাত্রলীগ এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। আমরা যে বই গুলো বিতরণ করেছি সবগুলো বার্মিজ ভাষা শিক্ষার বই। রোহিঙ্গা শিশুরা যাতে তাদের মাতৃভাষা সম্পর্কে ভুলে না যায়, ফিরে গিয়ে যাতে তাদের ভাষা ও সংস্কৃতিতে অন্য সবার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করতে পারে সে জন্য তাদের ভাষার লেখায় এসব বই বিতরণ করা হচ্ছে।’
জাকির আরও বলেন, ‘১৫০ দিন ধরে ছাত্রলীগের ‘মেডিক্যাল ক্যাম্প’ চলছে। এখান থেকে রোহিঙ্গাদের বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়া অন্যান্য সহায়তার জন্য মনিটরিং সেলও রয়েছে।’