কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারের পশ্চিম পাশে লম্বাশিয়া সড়কে অবস্থিত একটি কথিত মেডিকেল প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকারি অনুমোদন ছাড়াই চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
[caption id="attachment_178925" align="aligncenter" width="640"]
প্রশিক্ষণ শেষে সদন বিতরণ করছে জাফর আলম (ডিপু)[/caption]
অভিযোগ অনুযায়ী, “Cox’s Bazar Medical Training Center” নামে পরিচালিত প্রতিষ্ঠানটিতে DMS, BMS ও LMFসহ বিভিন্ন নামে কোর্স চালু করে প্রশিক্ষণার্থীদের ভর্তি করানো হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের আইডি কার্ড ও সনদপত্রও প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, কথিত রোহিঙ্গা ডাক্তার জাফর আলম (ডিপু) ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রতিষ্ঠানে ইনজেকশন প্রদান, স্যালাইন পুশ, সেলাই-ড্রেসিংসহ বিভিন্ন চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
[caption id="attachment_178926" align="aligncenter" width="640"]
প্রশিক্ষণার্থীদের সাথে রোহিঙ্গা জাফর আলম (ডিপু)[/caption]
প্রশিক্ষণার্থী পরিচয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সেখানে বর্তমানে BMS ও LMF নামে দুটি কোর্স চালু রয়েছে। এর মধ্যে LMF কোর্সের মেয়াদ ৬ মাস এবং BMS কোর্সের মেয়াদ ১ বছর। প্রতিটি কোর্সের জন্য ২ হাজার টাকা করে ফি নেওয়া হচ্ছে বলেও জানা যায়।
পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন, নিবন্ধন ও বৈধতা সম্পর্কে জানতে চাইলে তারা কোনো স্পষ্ট উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
[caption id="attachment_178927" align="aligncenter" width="720"]
উক্ত ভূয়া প্রতিষ্ঠানের ভর্তি ফরম[/caption]
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সংশ্লিষ্ট প্রশিক্ষণের মতো স্পর্শকাতর কার্যক্রম যথাযথ অনুমোদন ছাড়া পরিচালিত হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।