[caption id="attachment_122427" align="alignnone" width="1200"]
ফাইল ছবি[/caption]রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার বিচারকার্যের ওপর থেকে আপত্তি তুলে নিয়েছে দেশটির ছায়া সরকার। সেনা অভ্যুত্থানের এক বছর পূর্তিতে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তাবিরোধী ছায়া সরকার। সেখানে মামলাটির বিচারকার্য থেকে আপত্তি তুলে নেওয়ার ওই ঘোষণা দেওয়া হয়েছে।
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনীতিক, আইনপ্রণেতা ও জান্তাবিরোধী আন্দোলনকারীদের নিয়ে গঠিত হয় এ ছায়া সরকার। খবর রয়টার্সের।
ছায়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে, আইসিজের তরফে সেই বিষয়ের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এতে জান্তা সরকার এখন যেসব নৃশংস অপরাধ সংঘটিত করছে, সেগুলো বন্ধ হওয়ার পথ তৈরি হবে।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত অবস্থিত।
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
জাতিসংঘের তদন্তকারী দল বলেছে, গণহত্যার উদ্দেশ্য নিয়েই রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে।