
কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে মোহাম্মদ তাহের নামের এক রোহিঙ্গার শেল্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্য ও আশপাশের রোহিঙ্গারা দ্রুত এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন আশপাশের শেল্টারগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।
অগ্নিকাণ্ডে মোহাম্মদ তাহেরের শেল্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসাবধানতাকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ তাহের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম ইদ্রিস এবং এফসিএন নম্বর ৩৫৩২৮৪।
ঘটনার পর ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।