উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। অন্যদিকে, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ করতে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।
মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে নতুন করে পালিয়ে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগের আশ্রিতদের মিলিয়ে কক্সবাজারে এখন রোহিঙ্গার সংখ্যা অন্তত ১১ লাখ। এখনো বিচ্ছিন্নভাবে রাখাইন থেকে আসছে উদ্বাস্তুরা।
এমন প্রেক্ষাপটে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে না দেয়ার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। বন্ধ করে দেয়া হয়েছে মিয়ানমারের সঙ্গে সীমান্ত। রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।
এদিকে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতেসহ মারা গেছেন অন্তত ৮ জন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামানোর ব্যাপারে কঠোর অবস্থানে বাংলাদেশ।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আইনশৃঙ্খলা নিয়ে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ তৎপর থাকতে বিভিন্ন বাহিনীকে নির্দেশ দেন তিনি।