উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ভারতীয় ত্রাণসামগ্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে হস্তান্তর করেছে ভারতীয় হাইকমিশন। চতুর্থ পর্যায়ের ত্রাণ সহায়তার এই চালানে রয়েছে দুই লাখ ২৫ হাজার কম্বল, দুই লাখ উলের সোয়েটার ও পাঁচশ সৌর সড়কবাতি।
সোমবার থেকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কর্তৃক কক্সবাজারের ক্যাম্পগুলোতে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এ কার্যক্রমের অংশ হিসেবে ভারত সরকার ‘অপারেশন ইনসানিয়াতের’ অধীনে কক্সবাজার এলাকায় মানবিক সহায়তার প্রথম চালান সরবরাহ করেছিল। ৯৮১ মেট্রিক টন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, রান্নার তেল, চা, নুডলস, বিস্কুট, মশারী ইত্যাদি।
২০১৮ সালের মে মাসে, ভারত ৩৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী সরবরাহ করে। যার মধ্যে ছিল ১০৪ মেট্রিক টন গুঁড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুঁটকি, ৬১ মেট্রিক টন শিশুখাদ্য এবং বর্ষা মৌসুমে ব্যবহারের জন্য ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।
২০১৮ সালের সেপ্টেম্বরে তৃতীয় চালানটি সরবরাহ করা হয়, যেখানে ভারত ১.১ মিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ হস্তান্তর করেছিল।
ত্রাণ বিতরণকালে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন রক্ষার্থে বাংলাদেশের যেকোনো সংকটে তাত্ক্ষণিকভাবে সাড়া দিতে ভারত অঙ্গীকারবদ্ধ। মিয়ানমার থেকে আসা মানুষের চাহিদা পূরণে বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখতে ভারত প্রস্তুত রয়েছে। এ সহায়তা হবে টেকসই, জনগণকেন্দ্রীক এবং আশ্রয়দাতা সমপ্রদায়ের জন্য উপকারী।