
কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যায় কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি বিল্লাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর এ নাইন ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে দীন মোহাম্মদ (১৮), শহরের সমিতি পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে গিয়াস উদ্দিন (২১), নুনিয়াছড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে মনজুর আলম (২৮), সমিতি পাড়া এলাকার মৃত জাকির হোসেনের ছেলে রমজান আলী (৩০), টেকপাড়া মাঝিরঘাট এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সোহেল (৩২) ও ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়া ফাতেরঘোনা এলাকার আবু তালেবের ছেলে সাইফুল বাপ্পী (২৬)।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি বিল্লাল উদ্দিন জানান, শনিবার রাতে শহরের বাজারঘাটা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।