
রামু উপজেলার খুনিয়াপালংয়ে মায়ের আঘাতে এক মেয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দারিয়ারদিঘী রাস্তা মাথা এলাকায় এঘটনা ঘটে।
মৃত কামরুল সুলতানা (১৬) অষ্টম শ্রেণির ছাত্রী। সে একই এলাকার আবদুল গফুরের মেয়ে।
পুলিশ জানিয়েছে, রহস্যজনক মৃত্যু হওয়াতে মরদেহ কক্সবাজার ময়না তদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুনিয়াপাংলয়ের ১ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য নছরুল্লাহ রায়হান জানান, মেয়ের পরিবার জানিয়েছে অসুস্থতার (টাইফয়েড) কারণে মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল রিপোর্টে দেখা গেছে “অজানা বিষক্রিয়া” সংক্রান্ত কিছু। তবে বিষয়টি রহস্যজনক, ময়নাতদন্তের পর বিস্তারিত ঘটনা জানা যাবে।
এবিষয়ে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক স্থানীয়দের বরাতে জানান, শোনা যাচ্ছে বিয়ে সংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে মায়ের আঘাতে মেয়েটি গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি সন্দেহজনক হওয়াতে কখন, কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা সঠিক জানা যায়নি।
রামু থানার তদন্তকারী অফিসার এসআই রাহুল রায় বলেন, ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে। মেয়েটির মা প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে রেফার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এ মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু দেখিয়ে পোষ্টমর্টেম করতে বলে। সদর থানার মাধ্যমে আমরা বিষয়টা জানতে পারি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।