
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদে দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের ৮২ বস্তা চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে চালগুলো জব্দ করা হয়। পরে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রত্নাপালং ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা বিতরণ না করে পরিষদের একটি কক্ষে মজুদ রাখা হয়।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা পরিষদে অনুপস্থিত থাকায় সেই সুযোগে পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মৃনাল বড়ুয়া স্বার্থান্বেষী মহলের সঙ্গে যোগসাজশ করে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রশাসন চালগুলো জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাদ্যশস্য আত্মসাৎ বা অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রত্নাপালং ইউনিয়ন পরিষদ থেকে জব্দ হওয়া ৮২ বস্তা ভিজিএফ চালের ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।