
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের বলেছেন, যুবকদের নিয়েই সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। যুবসমাজের হাতে অস্ত্রের পরিবর্তে কাজ এবং মাদকের পরিবর্তে কুরআন তুলে দিতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে গুম-নির্যাতনের মতো ঘটনা বা ‘আয়নাঘর’ থাকবে না।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াত আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে এবং এই পরিবর্তন ছিল জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা। বৈষম্য, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি চলবে না।
এহসানুল মাহবুব যুবায়ের বলেন, একটি জালিম সরকারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে অবশেষে কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে, যার নেতৃত্বে ছিল যুবসমাজ। যুবকদের শক্তিকে কাজে লাগিয়ে সিভিল ডিফেন্স গড়ে তোলা এবং সমাজ উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো যুবকদের কর্মসংস্থানের পরিবর্তে তাদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেছে। কক্সবাজারকে অস্ত্র ও মাদকের করিডোরে পরিণত করা হয়েছে, যার প্রধান লক্ষ্য যুবসমাজকে ধ্বংস করা।
তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার রয়েছে। কর্মসংস্থানের অভাবে অনেক যুবক অপরাধে জড়িয়ে পড়ছে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দলীয়করণ থেকে বিরত থাকতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন ছাড়া বিকল্প পথ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, ইতিহাসে যুবকদের অংশগ্রহণ ছাড়া কোনো বিপ্লব সফল হয়নি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, ব্যারিস্টার সরওয়ার কামাল, অধ্যাপক শফিউল আলম খন্দকার, দরবেশ আলী আরমান, আজিজুর রহমান, অ্যাডভোকেট মামুনুর রশীদ ও ডা. কায়সার আমিন কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান। সমাবেশে জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।