অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উখিয়া,টেকনাফ ও সেন্টমাটিন ও রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে দুই লাখ ৫০ হাজার ডলার (২ কোটি ৬৯ লাখ টাকা) দেবে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।
তিনি বলেন, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানে।
এতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় অর্ধ মিলিয়ন (৫ লাখ) বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে প্রায় এক মিলিয়ন (১০ লাখ) রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়টি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল, যার ফলে বাংলাদেশে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত হয়।
ওই সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এর ফলে ব্যাপকভাবে বন্যা ও ভূমিধস হয়।
পিটার হাস আরও বলেন, যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারত্বে দুর্যোগ প্রস্তুতি ও মোকাবিলা কার্যক্রম উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মাধ্যমে মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নয় শ বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।
এ ছাড়া আগাম সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে যা লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য জরুরি অবস্থা থেকে নিরাপদ রাখে।
রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ তৎপরতায়ও দেশটি অবদান রাখছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত