কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে শূন্যরেখার মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিআরএম-১৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-২৭ ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে।
সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে বিজিবি জানায়, আজ বিকেলে পালংখালী সীমান্তে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমার ভূখণ্ডের ভেতরে আকস্মিক স্থলমাইন বিকোল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে হামিদ হোসেনের ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পায়ে আঘাত পান।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর আহত অবস্থায় ওই যুবক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্তত ৪০টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।