মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামে ৪০ টন সিমেন্ট জব্দ
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে সময় ৪০ টন (৪০ হাজার কেজি) সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ৮০০ বস্তা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় এ অভিযান চালানো হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে কর্ণফুলী চ্যানেল ব্যবহার করে বঙ্গোপসাগর হয়ে একটি বড় চালান অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ টিম ১২ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নোঙর করা একটি কার্গো বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশি চালান। পরে বোটটি থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, অভিযানের বিষয়টি বুঝতে পেরে পাচারকারী চক্রের সদস্যরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যান। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। তবে উদ্ধার করা সিমেন্ট ও জব্দ কার্গো বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত ও নৌপথে যেকোনো ধরনের চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি