ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাবেয়া বেগম ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে উপজেলা নির্বাচন কার্যালয়ে আসেন। আবেদনে তিনি পিতা আব্দুল গফুর, মাতা আমিনা খাতুন এবং ঠিকানা হিসেবে তারাকান্দা উপজেলার বাহেলা, ডাকঘর বালিগাঁও/বাটরা বাজার উল্লেখ করেন। আবেদন যাচাইয়ের সময় তার আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তিনি কক্সবাজার এলাকার বাসিন্দা এবং রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। ভোটার হয়ে পরবর্তী সময়ে পাসপোর্ট তৈরি করে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে তিনি ভুয়া তথ্য ও কাগজপত্র ব্যবহার করেছেন বলে জানান। নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, রাবেয়া বেগম স্থানীয় রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর করা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্যাক্স রশিদ ও অঙ্গীকারনামা ব্যবহার করেন। এ ছাড়া বাট্রা মিলন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সনদ এবং হজরত আলী নামে এক ব্যক্তির বিদ্যুৎ বিলের কপিও তিনি জমা দেন। যাচাই-বাছাইয়ে তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন বলে প্রমাণ পাওয়া যায়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর অধিকতর যাচাইয়ে তাকে রোহিঙ্গা নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। পরে ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে আবেদনপত্রসহ তাকে তারাকান্দা থানায় পাঠানো হয়। তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইনচার্জ) মোহাম্মদ আশিকুর রহমান সরকার বলেন, জাল কাগজপত্র তৈরি ও ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।