বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত দুটি টিওবি (টেম্পোরারি অপারেশনাল বেস) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
রিজিয়ন কমান্ডার বলেন, নতুন দুটি টিওবির মাধ্যমে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বাড়বে।
মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি
বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।