মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেড কোয়ার্টার্স থেকে ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার জেলায় কর্মরত এপিবিএনের ৩৯৮জন সদস্যদের বদলীর আদেশ দেওয়া হয়েছে। আদেশ মতে কক্সবাজারের বিভিন্ন উপজেলা বা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে বিভিন্ন জেলায় বদলী করা হয়েছে।
এদিকে মাদক সম্পৃক্ততায় এপিবিএন পুলিশ সদস্যকে বদলীর আদেশ হওয়ায় পুলিশের উধর্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। সম্প্রতিক সময়ে মোটর বাইকে করে ইয়াবা পাচারকালে এপিবিএনের বেশ কয়েকজন সদস্য বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এর আগেও এপিবিএনের সদস্য ইয়াবার বড় চালান নিয়ে পাচারকালে স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন। ইয়াবা নিয়ে এপিবিএন সদস্য আটকের পর থেকে জনমনে নেতিবাচক আলাপ আলোচনা চলছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বিষয়টি আঁচ করতে পেরে ঊধ্বর্তন পুলিশ কর্তৃপক্ষ যুগোপযোগী এমন সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানাগেছে।