উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের (মপাউবি) ৫০ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তী শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৯৬৮ সালে স্থাপিত এই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনের শ্লোগান হচ্ছে ‘জীবনের তরে স্মৃতির বাতিঘরে।’
শুক্রবার সকাল সাড়ে ৭ টায় শুরু হওয়া অনুষ্ঠান মালায় রয়েছে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত, পরিচ্ছেদ বিতরণ ও শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশন, স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্টান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব সোলতান আহমদ, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদযাপন পরিষদ ‘বাতিঘর’ নামের একটি স্মরণিকা প্রকাশ করছে।
মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় (মপাউবি) সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি এবং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, একই ইউনিয়নের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদসহ অন্যান্যরা অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন।