ডেস্ক রিপোর্ট::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নাকের ডগায়। দুদিন পেরুলে নতুন সরকার পাবে দেশবাসী। সে আশা আর প্রতীক্ষায় সবাই মেতে উঠেছেন উৎসবমুখর পরিবেশে। শেষ প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থী ও সমর্থকবৃন্দ।
এদিকে ভোটের দিন কেন্দ্রে যারা প্রবেশ করতে পারবেন তাদের ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের ভোটার, সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তা, প্রতিদ্বন্ধী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট, নির্বাচন কমিশনের বৈধ পরিচয়পত্রধারী ও সাংবাদিক, অসমর্থ ও অন্ধ ভোটারের সহায়তাকারী, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা বা ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান সিভয়েসকে বলেন, ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাতে ভোটকেন্দ্রে কেউ নাশকতার মত বড় কোন ঘটনা ঘটাতে না পারে। এর বাইরেও আমরা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পুরো ভোটকেন্দ্রকে নিরাপত্তার বলয়ের মধ্যে রাখবো। তবে এতে সকলের সহযোগিতা প্রয়োজন।