সুজাউদ্দিন রুবেল,কক্সবাজার ::[caption id="attachment_101279" align="alignleft" width="863"]
রোহিঙ্গা[/caption]
‘দালাল চক্রের মাধ্যমে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা’ তিন রোহিঙ্গা নাগরিক আশ্রয় নিয়েছে টেকনাফের শরণার্থী ক্যাম্পে।
কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার (২৪ মে) দুপুরে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা হলেন-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি-০১ ব্লকের ৭৮৫ নম্বর শেডের বাসিন্দা মোহাম্মদ আলমের মেয়ে ফাতেমা আক্তার (১৮), একই ক্যাম্পের সি-০২ ব্লকের ৫৩৯ নম্বর শেডের আহমেদ হোছনের ছেলে মোহাম্মদ হানিফ ওরফে জোবায়ের (২২) এবং এ-০৫ ব্লকের ১২১ নম্বর শেডের আবুল কালামের মেয়ে শফিকা আক্তার (১৮)।
এসপি তারিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে ৩ জন রোহিঙ্গা পালিয়ে টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়ার খবর এপিবিএন স্থানীয়দের কাছ থেকে পায়। পরে বিষয়টি অবহিত হওয়ার পর এপিবিএন সত্যতা নিশ্চিত হয়।
তিনি জানান, এসব রোহিঙ্গা দালাল চক্রের মাধ্যমে সাগরপথে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসে। পরে তারা সমুদ্রের কক্সবাজার উপকূলে পৌঁছার পর সড়ক পথে টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের স্বজনদের কাছে আশ্রয় নেয়। ক্যাম্পটিতে তাদের পরিবারের সদস্যরা আগে থেকে অবস্থান করছিল।
এপিবিএন এর অধিনায়ক বলেন, গত ১ বছর আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজার উপকূলবর্তী সমুদ্রে নৌবাহিনীর কাছে ট্রলারসহ আটক হয় ৩০৬ জন রোহিঙ্গা। পরে সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। তবে এসব রোহিঙ্গাদের পরিবারগুলো কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছিল।
ভাসানচর থেকে ৩ জন রোহিঙ্গা পালিয়ে টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পে আশ্রয় নেয়ার ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে বলে জানান এসপি তারিকুল