
ভাসানচরে বসবাসের উপযোগী করার নকশা তৈরি করেছে একটি ব্রিটিশ কোম্পানি। দ্বীপটি স্থিতিশীল কিনা সেটি পরীক্ষা করে এর উন্নয়ন নকশা প্রণয়ন করে যুক্তরাজ্যের এইচআর ওয়ালিংফোর্ড। যার ভিত্তিতে ভাসানচরে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাসানচরের অবকাঠামো উন্নয়নের জন্য কয়েকটি বিখ্যাত আন্তর্জাতিক কোম্পানির সহায়তা নেয়া হয়। এর মধ্যে দ্বীপটির স্থিতিশীলতা পরীক্ষা এবং এর উন্নয়ন নকশা প্রণয়ন করে এইচআর ওয়ালিংফোর্ড।
ওয়ালিংফোর্ড বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধের জন্য ১২ দশমিক এক কিলোমিটার লম্বা বাঁধের নকশা তৈরি করে। একইসঙ্গে তারা আগাম দুর্যোগের তথ্য পাওয়ার জন্য নজরদারি সিস্টেম তৈরি করে, যেন লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া যায়।
ভাসানচরের অবকাঠামো যে শক্তিশালী সেটি ঘূর্ণিঝড় আম্ফানের সময় প্রমাণ হয়েছে। তবে পরিস্থিতি আরো খারাপ হলে লোকজনকে সরিয়ে নেয়ার পরিকল্পনা সরকারের আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।