বাণিজ্যিক লেনদেনের পর এবার ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআর কোড স্ক্যান করে অর্থ লেনদেনের দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে প্রতি ব্যক্তির জন্য একটি কিউআর কোড থাকবে হবে। সেই কিউআর কোড স্ক্যান করেই ব্যাংক হিসাব বা মোবাইল হিসাবে দ্রুত অর্থ লেনেদেন করা সম্ভব হবে।
এতে ব্যাংক হিসাব থেকে ব্যাংক হিসাব ও এমএফএস থেকে এমএফসে টাকা হস্তান্তর করা যাবে। একইভাবে এমএফস থেকে ব্যাংক ও ব্যাংক হিসাব থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তর করা সম্ভব হবে।
বাংলা কিউআর কোড অ্যাপটিতে বাণিজ্যিক ব্যাংক, আর্থিক কোম্পানি, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) ও এমএফএস কোম্পানির সংযোগ থাকবে।
আগামী ১ নভেম্বরের মধ্যে এই অ্যাপ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অ্যাপটি তৈরি করা হয়ে গেছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আগামী ১ নভেম্বর থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।”
এর আগে গত জুলাই থেকে বাংলা কিউআর কোড দিয়ে লেনদেন বাধ্যতামূল করা হয়। সকল এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান এখন বাংলা কিউআর কোড ব্যবহার করে লেনদেন করছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলা কিউআর কোড দিয়ে দৈনিক গড়ে ২৩৫ কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে।
গত জুনে ব্যাংক ও এমএফএস লেনদেনের মধ্যে ৭০৪ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয় কিউআর কোড ব্যবহার করে।
ছয় মাস আগে যা ছিল ৬৩৭ কোটি ৬০ লাখ টাকা।