বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকায় বিষপানে এক বৌদ্ধ ভান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই ভিক্ষুর নাম ঞা ঞা সারা চিংপ্রু মারমা (৪০)। জেলার থানচি উপজেলার দূর্গম রেমাক্রি এলাকায় এই ঘটনার পর সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি বান্দরবান সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
জানা গেছে, রোয়াংছড়ি রাজবিলা এলাকার বাসিন্দা ও বৌদ্ধ ভিক্ষু চিংপ্রু মারমা গত কয়েক বছর ধরে থানচি রেমাক্রি এলাকার বাচি অং পাড়াস্থ বৌদ্ধ মন্দিরে ভিক্ষু হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত কয়েকদিন আগে বৌদ্ধ ভিক্ষু চিংপ্রু মারমা বিষপান করেন। বিহার কর্তৃপক্ষ তাঁকে এলাকায় চিকিৎসা করছিলেন।
এদিকে সোমবার বিকালে হঠাৎ করে অবস্থার অবনতি ঘটে। পরে বিহারের অন্যান্য সদস্য ও প্রত্যক্ষদর্শীরা ভিক্ষুকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভান্তেকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। রাতে সদর হাসপাতালে তিনি মারা যান। কি কারণে তিনি বিষ পান করেছেন তা জানা যায়নি। তবে মারা যাওয়া ভিক্ষু মানসিকভাবে অসুস্থ্য ছিলেন বলে স্থানীয়রা দাবী করেছেন।
ঘটনার বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোন তথ্য জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।