মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে সেরা হয়েছেন ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর এই শিক্ষার্থী।
তার এ সাফল্যে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার শেষ হওয়া পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শনিবার (১০ অক্টোবর) পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম হওয়ার স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) গত ৬ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
পুরুষদের হিফজ বিভাগে সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিমও ৯৭ নম্বর পেয়েছেন। মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি ৯৬ দশমিক ৩৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনেও হিরার শীর্ষস্থান অর্জনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিযোগিতার অন্য বিভাগগুলোর ফলাফলও ঘোষণা করা হয়েছে। নারীদের তিলাওয়াত বিভাগে মালয়েশিয়ার নুর শাকুরা মোহাম্মদ মুসা ৯১ দশমিক ৮৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। সিঙ্গাপুরের আতিকাহ বিনতে সুহাইমি ৯১ নম্বর পেয়ে দ্বিতীয় এবং ব্রুনেইয়ের দায়াংকু সিতি উম্মি শায়জানা বিনতে পেঙ্গিরান হাজি মারজুকি ৯০ দশমিক ৮৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
পুরুষদের তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান ৯৪ দশমিক ৬৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। মালয়েশিয়ার সিক হাসনুল তাকিয়ুদ্দিন সিক সাজালি ৯২ দশমিক ৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় এবং বেলজিয়ামের ব্রাহিম বুগালাব ৯২ দশমিক ১৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন। নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইসুফু ৯৬ দশমিক ১৭ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। লিবিয়ার মিন্নাহ আলী আলসুদানি আগনাইয়াহ ৯৫ দশমিক ৫০ নম্বর পেয়ে দ্বিতীয় এবং মিয়ানমারের থেইন গি মোন ৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
এহতিশামুল হক হিরার এ অর্জন বাংলাদেশের কুরআন শিক্ষার অঙ্গনে নতুন সাফল্য যোগ করেছে। এর আগে ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ একাধিক প্রতিযোগী বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন।
তথ্যসূত্র: বারনামা (মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা)