বুধবার, ২২ জুলাই ২০২৬
বিপুল জয়ে ফের মেয়র আইভী
প্রকাশিত - ডিসেম্বর ২২, ২০১৬ ১০:২২ পিএম

ডেস্ক রিপোর্ট ::

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে বিজয় লাভ করেছেন।
বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
মোট ১৭৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১,৭৪,৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬,৬৭৪ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা নির্বাচনের ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
দলীয় প্রতীকে এই সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশন হিসেবে নারায়ণগঞ্জের প্রথম নির্বাচনেও জয়লাভ করেন আইভী। অবশ্য ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এবার নাসিক নির্বাচনে মোট ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার ছিল। তাদের মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ আর ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী ভোটার ছিলেন।
এবারের নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে লড়াই করেন সাতজন। আর ২৭টি কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.