
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী আতিক মোহাম্মদ মহিউদ্দিন। বাবার জীবদ্দশায় দেখে যাওয়া স্বপ্ন পূরণে পরিবারের সদস্যরা প্রায় দুই হাজার অতিথির অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেন। বিয়েতে বড় ভাইয়ের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে আনুমানিক এক কোটি টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি।
শুক্রবার পেকুয়া জেলি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আতিক মোহাম্মদ মহিউদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার মৃত মাওলানা কবির আহমেদের ছেলে। ছয় ছেলে ও ছয় মেয়ের মধ্যে তিনি সবার ছোট।
তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাতামুহুরী উপজেলার বদরখালী এলাকার সাজেদা বেগম। নগদ এক লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে প্রায় দুই হাজার অতিথি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রীতিভোজে অতিথিরা অংশ নিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিবারের সূত্রে জানা যায়, মৃত মাওলানা কবির আহমেদ জীবিত থাকাকালে তাঁর সন্তানদের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন, মৃত্যুর পর যেন তাঁর প্রতিবন্ধী ছোট ছেলেকে ঘটা করে বিয়ে দেওয়া হয়। বাবার সেই ইচ্ছা ও ওয়াদা পূরণে পরিবারের সদস্যরা এই ব্যতিক্রমী আয়োজন করেন।
এদিকে বিয়ের আনন্দকে আরও বিশেষ করে তুলতে বড় ভাই তাঁর প্রতিবন্ধী ছোট ভাইকে উপহার হিসেবে দিয়েছেন আনুমানিক এক কোটি টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি। ভাইয়ের প্রতি এমন ভালোবাসা ও দায়িত্ববোধ উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
নববধূ সাজেদা বেগম স্বামীকে গ্রহণ করে নতুন দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
বাবার শেষ ইচ্ছা পূরণে সন্তানদের এমন উদ্যোগ এবং প্রতিবন্ধী ভাইয়ের প্রতি বড় ভাইয়ের ভালোবাসার এই দৃষ্টান্ত এলাকায় প্রশংসিত হয়েছে।