
মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশ সফরে আসছেন।
গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। সফর শেষ হবে ২৮ নভেম্বর। এরপর পাকিস্তানে ফিরে যাবেন।
রোববার (১ নভেম্বর) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ এ বিশিষ্ট আলেমের বাংলাদেশ সফরের বিস্তারিত জানান। তিনি বলেন, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এ সম্মেলন ছাড়াও সফরকালে আরও কয়েকটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এ সম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীর। তিনি খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।