
বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার হয়েছে। নাম-ঠিকানা সঠিক বলতে না পারা ও কথা বার্তার ধরণে সন্দেহ হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা পাসপোর্টে নিজেদেরকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মো. হারুণের ছেলে মো. কামাল (২৪) ও রাজবাড়ী সদর উপজেলার কান্দপুর হামদনপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাব্বির মোল্লা (২২) বলে উল্লেখ করে। তবে তারা মিয়ানমারের মন্ডু জেলার বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে স্বীকার করেছে।
জেলা পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও ১) মো. ইমতিয়াজ আহমেদ ও আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তারা জানান।
পুলিশ জানায়, আটক কামালের পাসপোর্টটি (BY ০০২৭৬০৫) নোয়াখালী থেকে এবং সাব্বিরের পাসপোর্টটি (EA ০৮৬৪৭২৮) ঢাকা থেকে ইস্যু করা হয়েছে। পাসপোর্টে কামাল বাংলাদেশের কুমিল্লা ও সাব্বির রাজবাড়ির নাগরিক বলে উল্লেখ করেছেন।
জানা গেছে, দুপুরে ওই দুইজন আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। ইমিগ্রেশন করার সময় পুলিশ তাদের নাম-ঠিকানা জিজ্ঞেস করে। সঠিকভাবে নাম-ঠিকানা বলতে না পারা ও তাদের ভাষা সন্দেহজনক হওয়ায় পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গ্রেপ্তারকৃতদেরকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হবে।