
চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অন্য ব্যক্তি মাইক্রোবাসটির চালক। কক্সবাজারে ধর্মীয় ভ্রমণ শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাগড়াছড়ি সদরের ইয়ংড বুদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উসারা মহাথের (গৃহী নাম খ্যচিং মারমা), মাটিরাঙ্গার চৌধুরীঘাট এলাকার ওয়াসু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাধেইম্মা এবং মাইক্রোবাসটির চালক লাব্রে মারমা।
আহতদের মধ্যে রয়েছেন ভাইবোনছড়ার ৮ নম্বর প্রকল্প বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমিত্তা ভিক্ষু ও গর্জনটিলা বিহারের উপাধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া ভিক্ষু। অপর এক স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে একটি মাইক্রোবাসে করে পাঁচজন বৌদ্ধ ভিক্ষু ও দুজন গৃহী কক্সবাজারে ভ্রমণে যান। আজ সকালে তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও চারজন গুরুতর আহত হন।
স্থানীয় ককথই মারামা বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তারা নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারে ধর্মীয় ভ্রমণে যান, সফর শেষে খাগড়াছড়ি ফিরছিলেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে