
বাকিগুলোর লাইসেন্স এর আগের বিভিন্ন অর্থবছরে নবায়ন করা হয়েছিল। আবার অনেক প্রতিষ্ঠানের অনুমোদনও নেই।
লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলায় তালিকাভুক্ত ১৮০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্স নবায়ন করেছে মাত্র ২৫টি। বাকিগুলোর লাইসেন্স এর আগের বিভিন্ন অর্থবছরে নবায়ন করা হয়েছিল। আবার অনেক প্রতিষ্ঠানের অনুমোদনও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নিয়মকানুন না মেনে পরিচালিত এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে অপচিকিৎসা, প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বাড়ছে জীবনের ঝুঁকিও।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় তালিকাভুক্ত ১৮০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে হাসপাতাল ও ক্লিনিক ৪৫টি, ডায়াগনস্টিক সেন্টার ১১৭টি, ডেন্টাল ক্লিনিক ১০টি, মেডিকেল চেকআপ সেন্টার সাতটি এবং ফিজিওথেরাপি সেন্টার একটি। এসব প্রতিষ্ঠানের মধ্যে চলতি অর্থবছরে লাইসেন্স নবায়ন হয়েছে ২৫টির। অন্য প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে কোনো একসময়ে নবায়ন করা হয়েছিল।
শহরের হাসপাতাল সড়কের কয়েকটি বেসরকারি ক্লিনিক ঘুরে দেখা গেছে, নীতিমালা অনুযায়ী হাসপাতাল ও ক্লিনিকে ২৪ ঘণ্টা ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স থাকার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানে তা নেই। অনুমোদিত শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি রাখার অভিযোগও রয়েছে। এসব অতিরিক্ত শয্যায় রোগীদের থাকতে হচ্ছে বাড়তি অর্থের বিনিময়ে।
[caption id="attachment_182923" align="aligncenter" width="640"]
উখিয়ায় নিবন্ধন বিহীন হাসপাতাল[/caption]
রোগী ও স্বজনদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের সময় ছাড়া চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি থাকে না। অস্ত্রোপচারে একই উপকরণ বারবার ব্যবহার করা হয়। নার্সের পরিবর্তে অপারেশন থিয়েটারে দায়িত্ব পালন করেন আয়া ও ওটি বয়। এমনকি সেলাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজও তাদের দিয়ে করানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে চিকিৎসাজনিত জটিলতা ও রোগীর জীবন ঝুঁকি বাড়ছে। এসব ঘটনায় যথাযথ বিচার না পাওয়ার অভিযোগও রয়েছে।
এমন অভিযোগ তুলেছেন হ্নীলার বাসিন্দা সামিরা আক্তার। তার স্বামী আনোয়ারুল ইসলাম সিফাত সন্তান প্রসবের জন্য তাকে চেইন্দা হোপ হাসপাতালে ভর্তি করান। শরিফার দাবি, সেখানে ভুল চিকিৎসায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে হোপ থেকে ইউনিয়ন হাসপাতালে নেয়া হলে জরায়ু অপসারণ করতে হয়। ভুল চিকিৎসার বিষয়টি প্রমাণ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি কক্স ন্যাশনাল হাসপাতালের বিরুদ্ধে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠেছে। গত ২১ অক্টোবর ভোরে ওই প্রসূতির মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসক ডা. মো. বি আলমগীরের পরামর্শে তারা সাত ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। পরে রাত ২টার দিকে চিকিৎসায় কিছুটা ভুল হয়েছে জানিয়ে পুনরায় অস্ত্রোপচার ও আরো রক্তের প্রয়োজনের কথা বলা হয়। তবে দ্বিতীয় অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ওই প্রসূতির মৃত্যু হয়। স্বজনদের দাবি, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের হাসপাতালে পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসাসেবা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিষয়টি অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন স্বজনরা।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, হাসপাতালগুলোর অব্যবস্থাপনা নিয়ে সরজমিন পরিদর্শন করা হয়েছে। সম্প্রতি ফুয়াদ আল খতিব হাসপাতাল, ইউনিয়ন, সি সাইড হাসপাতাল, জেনারেল, সিআইসি, কক্স ন্যাশনাল, প্রিমিয়ার ও শেভরন হাসপাতাল পরিদর্শনে পার্কিংসহ বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়েও তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জেলায় অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা নেই বলে স্বীকার করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। তিনি বলেন, ‘জেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা হালনাগাদ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই, সেগুলোকে দ্রুত নবায়নের নির্দেশ দেয়া হয়েছে। লাইসেন্সবিহীন ও লাইসেন্সের জন্য আবেদন না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে চলে না, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। নিয়ম না মানা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। আমরা এরই মধ্যে তালিকা করেছি। অনেক হাসপাতাল ও ক্লিনিকের ব্যাপারে প্রমাণ পেয়েছি।’
সিভিল সার্জন আরো জানান, সরজমিনে টেকনাফ, উখিয়া ও চকরিয়ার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অসংগতি পাওয়ায় জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধিরাও মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছেন।
আরো পড়ুন:: উখিয়ায় লাইসেন্স ছাড়াই চলছে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার!
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা অপরাধমূলক কাজ। হাসপাতালে অনিয়ম করা মানে মানুষের জীবন নিয়ে খেলা। লাইসেন্স নবায়ন ছাড়া পরিচালিত প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধের উদ্যোগ নেয়া হবে