টেকনাফের নাফ নদীতে জেলেদের মৎস্য আহরণ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
সভায় নাফ নদীকেন্দ্রিক জেলেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দ্রুত সময়ের মধ্যে মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ, নৌযানের লাইসেন্স প্রদান, ভিওপির (বর্ডার আউটপোস্ট) তত্ত্বাবধানে জেলে ঘাট পরিচালনা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে বাংলাদেশের পতাকা ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, সীমান্ত এলাকায় সক্রিয় চোরাকারবারি ও মানবপাচারকারীদের তালিকা প্রণয়নের পরামর্শও দেন সংসদ সদস্য।
সভা শেষে শাহজাহান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই নাফ নদীর জেলেরা পুনরায় মাছ শিকারে যেতে পারবেন।