উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের উত্তর মৌলভীবাজার এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আছাদুদ জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান ওই এলাকায় দিয়ে টেকনাফে ঢুকছে, এমন খবরে তিনিসহ বিজিবির একটি টিম হ্নীলার উত্তর মৌলভীবাজারের মৎস্য খামার সংলগ্ন সরু খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তা থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এসব ধ্বংস করা হবে।