
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনার চার দিন পর পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৬৮ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। অন্য দুটি মামলা করেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্য সদস্যরা।
পৃথক মামলাগুলোতে হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে একটি মামলায় ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে।
ইতিমধ্যে প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে সেনা সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তাকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই অভিযানে একটি বন্দিশালা থেকে ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।