কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দমদমিয়া বিওপি এলাকার কেয়ারী ঘাটের পাশে নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই নারী ও এক শিশুসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন বাসের অন্য যাত্রীরা। দুর্ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
জানা যায়, আজ সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী পালকী পরিবহন’র একটি যাত্রীবাহী বাস (কক্সবাজার-জ-১১-০২৩২) দমদমিয়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়।
দুর্ঘটনার খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির একদল সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয়দের সহায়তায় বাসের জানালা ও গেট ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের একে একে নিরাপদে বের করে আনেন।
উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনায় আহত দুই নারী ও এক শিশুকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। দ্রুত ও তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনার কারণে বাসের সব যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।