বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফের নিখোঁজ রোহিঙ্গা শিশু কন্যার শাহিনুর আক্তার (৮) নামে একজনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশের সদস্যরা।
সে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরে ব্লক-বি, শেড- ১০৫২/৪, এমআরসি- ০৩৩৭৩ এর বাসিন্দা মোহাম্মদ জাবেরে মেয়ে।
আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরে সি ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে শিশু কন্যার ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন ১৬ আমড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
শিশু কন্যার পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার অনুমান বেলা ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। আজ শুক্রবার অনুমান বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরে সি ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে শিশু কন্যার ক্ষত-বিক্ষত লাশটি পাওয়া যায়। শিশুটির শরীর ক্ষত-বিক্ষত ও একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয়াপাড়া এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করেন। বিষয়টি রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইনচার্জ (সিআইসিকে) অবহিত করা হয়েছে।
কমান্ডিং কর্মকর্তা অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, কিভাবে এ ঘটনাটি ঘটেছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি । তবে পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে তদন্ত করছে। নিহত শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।