কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সদর ইউনিয়নের গোদারবিল ফায়ার সার্ভিস সংলগ্ন সি-বিচ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- চকরিয়া পৌরসভার তরচঘাট পশ্চিম বাটাখালী এলাকার মো. সোহেল, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকার আকতার হোছেন ও খাংকার পাড়ার মো. ইউনুছ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় ১০-১২ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্য পেয়ে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ছুড়ি, রামদা, কিরিচ, লোহার রড ও একটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়েছে।
ওসি মো. আব্দুল হালিম বলেন, আকতার হোছেনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় তিনিটি, মো. ইউনুছের বিরুদ্ধে দুইটি ও মো. সোহেলের বিরুদ্ধে ফেনী সদর, কক্সবাজারের রামু ও চকোরিয়ায় একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। পৃথক দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।