জসিম মাহমুদ, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলম (২৪) ও একই ইউনিয়নের কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তছলিমা আক্তার (২৪)।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কোনার পাড়া এলাকায় মনির আহমদের বসত-বাড়িতে তল্লাশী চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময়ে ৩জন মাদক কারবারী পালিয়ে যায়।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় আটক ও আরো ৩ জনকে পলাতক আসামি করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।