উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক মো. হেলাল (১৮) সাবরাং কচুবনিয়ার জালাল আহমদ বৈদ্যের ছেলে। তিনি টেকনাফ শাহ পরীর দ্বীপ সড়কের ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত লাশের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মো. ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখে-বুকে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পিতা জালাল আহমদ আহম্মদ বলেন, ‘বুধবার রাত ৯টার সময় কে যেন ফোন দিয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। রাত ১০টায় তার মোবাইলফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করলে আর পাওয়া যায়নি। সকালে জেলেরা খবর দেয় যে, শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধের পাশে একজন যুবকের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি আমার ছেলের লাশ মাটিতে পড়ে আছে।’
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সকালে এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।