তোফায়েল আহমদ, কক্সবাজার::
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনার পরও পাচার থেমে নেই। গত শুক্র ও শনিবার রাতেও দুই দফায় অন্তত শতাধিক ব্যক্তিকে মালয়েশিয়াগামী নৌকায় পাচার করা হয়েছে।
টেকনাফ পাহাড়ের পশ্চিমকুল বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ও করাচিপাড়ার দুটি নৌঘাট দিয়ে দুই রাতে সাগরপথে এসব লোকজনকে পাচার করা হয়। একজন সেনা সদস্য নিহতের এমন ভয়াল ঘটনার পরও সংঘবদ্ধ মানবপাচারকারীদের তৎপরতা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে চাঞ্চল্যকর সেনা সদস্য হত্যার পর থেকে মানবপাচারের মামলা-মোকদ্দমার আসামি হওয়া দাগি রোহিঙ্গা এবং স্থানীয় পাচারকারীরা গা ঢাকা দিতে শুরু করেছে। অনেকে রোহিঙ্গা ক্যাম্পসহ এলাকার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।
পালানোর সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির হাতে রোহিঙ্গা নেতা মাস্টার মহিব উল্লাহ হত্যা মামলাসহ ১৫ মামলার পলাতক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ ম ফারুক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খাইরুল আমিন ওরফে বলি আমিন (৪৫)। তিনি মিয়ানমারের নাগরিক। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি/৪) বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে তিনি।
গ্রেপ্তারকৃত বলি আমিন রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। গত শনিবার রাতে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে টেকনাফে গত ৫ নভেম্বর সন্ধ্যায় মানবাপাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাসকারী তালিকাভুক্ত ও মানবপাচারসহ বিভিন্ন মামলার আসামি রোহিঙ্গা ও স্থানীয়রা গা ঢাকা দিচ্ছে। সাঁড়াশি অভিযানে ধরা পড়ার ভয়ে রোহিঙ্গাসহ মানবপাচারকারী দলের সদস্যদের অনেকেই পালিয়ে যাচ্ছে অন্যত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকার গ্রামে ঘর ভাড়া নিয়ে বসবাসকারীদের মধ্যে বেশির ভাগই নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত।
টেকনাফের হ্নীলা বাস স্টেশনের পশ্চিম পাশের সিকদারপাড়ার বাসিন্দা আবু সাবেরের ঘর ভাড়া নিয়ে থাকা কয়েকটি রোহিঙ্গা পরিবার গত শুক্রবার রাতের আঁধারে মালপত্র নিয়ে পালিয়ে গেছে। অনুরূপ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, লেদা, মুচনি, ফুলের ডেইল, হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী, চাকমারকুল, উনচিপ্রাং, রইক্ষ্যংসহ উখিয়ার পালংখালী ইউনিয়নের কুতুপালং মরাগাছতলাসহ আরো বিভিন্ন এলাকায় বসবাসকারী রোহিঙ্গারা ভাড়া ঘর ফেলে গা ঢাকা দিচ্ছে। বালুখালী ১১ নম্বর ক্যাম্পের হাফেজ আহমদ নামের একজন সাধারণ রোহিঙ্গা জানান, গত ৫ নভেম্বরের সেনা সদস্য হত্যার ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে আটক হওয়ার ভয়ে সন্ত্রাসীরা গা ঢাকা দিচ্ছে।
এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ কালের কণ্ঠকে বলেন, ‘জামতলী ক্যাম্পটি হচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীদের অভয়ারণ্য। রাতে নয়, দিনেও সেখানে অভিযানে যাওয়া অনিরাপদ। আমি গত শনিবার রাত সাড়ে ৩টায় সেই ক্যাম্পে অভিযান চালিয়ে একজন সন্ত্রাসীরও নাগাল পাইনি।’ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া নৌঘাট দিয়ে গত শুক্রবার রাতে অন্তত ৬০ জন লোকের একটি দলকে মালয়েশিয়াগামী নৌকায় তুলে পাচার করা হয়েছে। অনুরূপ গত শনিবার রাতে বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট দিয়ে আরো প্রায় ৪০ জনের দলকে পাচার করা হয়েছে মালয়েশিয়াগামী নৌকায়। নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা শীর্ষ মানবপাচারকারী সৈয়দুল হক (লেইঙ্গা সৈয়দ) ও আবদুল আলী সিন্ডিকেটের লোকজন দুই রাতে পাচারের কাজে জড়িত বলে নাম প্রকাশে নৌঘাটের লোকজন জানিয়েছেন।
সেনা সদস্য নিহতের পর থেকে সিন্ডিকেট প্রধান লেইঙ্গা সৈয়দ ও আবদুল আলী পলাতক রয়েছেন। ওই দুই পাচারকারীর বিরুদ্ধে ১৮ থেকে ২০টি করে মামলা রয়েছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, ‘সৈয়দুল হক একজন শীর্ষ মানবপাচারকারী। সেই সঙ্গে আবদুল আলীরও রয়েছে বড় সিন্ডিকেট। সেনা সদস্য হত্যার পর মানবপাচার হওয়ার বিষয়টি আমি শুনেছি।’ এ বিষয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সাঈদ বলেন, ‘শুক্র ও শনিবার রাতের পাচারের ঘটনা আমার নলেজে আসেনি। এখানকার লোকজন মানবপাচারের ঘটনা মোটেই জানাতে চায় না।