
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় দফায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আগামী ২১ ও ২২ জানুয়ারি কক্সবাজারে প্রথম সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ২১ জানুয়ারি শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে সংবর্ধনা।
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই দিনের কক্সবাজার সফর ও সংবর্ধনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন, যোগ্য নেতৃত্ব হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক ও সেতুমন্ত্রীকে দ্বিতীয়বার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। এমন একজন নেতাকে আমরা সংবর্ধনা দেওয়ার সুযোগ পাওয়ায় কক্সবাজার জেলা আওয়ামী লীগসহ সকল ইউনিট গর্বিত। তিনি আরো জানান, ২১ জানুয়ারি তিনি কক্সবাজার পৌঁছেই শহীদ দৌলত ময়দানে কর্মী ও সংবর্ধনা অনুষ্টানে যোগদান করবেন। ২২ জানুয়ারি সকালে সাতকানিয়ার চুনতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল জয়নুল আবেদীন স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিকেলে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি বলেন, দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার সফর জেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব বহন করে। তিনি ২০১৭ সালে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ কার্যক্রম ও সার্বিক পরিস্থিতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন। যার ফলে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়নি।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ২১ জানুয়ারি শহীদ দৌলত ময়দানের কর্মীসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মী উপস্থিত হবেন। জেলা আওয়ামী লীগের আয়োজিত এই সভায় পৌর আওয়ামী লীগের সকল ইউনিট ব্যাপক শোডাউনের মাধ্যমে যোগদান করার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল জানান, ২১ তারিখের পরে ২২ জানুয়ারির চকরিয়ার জনসভায়ও ব্যাপক লোক সমাগম হবে। আমরা সেভাবেই প্রস্তুতি সম্পন্ন করেছি। উক্ত জনসভা থেকে চকরিয়াবাসী অনেক সুসংবাদ পাবে।
কুতুবদিয়া লেইমশীখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম জানান, আশাকরি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের আগমনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভা ও সংবর্ধনা থেকে নেতাকর্মীরা নতুন বার্তা পাবে।
মহেশখালীর ছোট মহেশখালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রায়হান বলেন, ইউনিয়ন কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কার্যক্রম কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আশা করি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে সৃষ্টি হবে। এতে দলের কার্যক্রম আরো সুদৃঢ় হবে।