
কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলতান আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা খাদ্য গুদামের ওসি-এলএসডি নাঈম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি নতুন প্রজন্মকে এ ইতিহাস জানার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণের প্রবল গণচাপের মুখে তৎকালীন স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।