
কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।কক্সবাজার ভ্রমণ
মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মোহাম্মদ আলী। পরে অপরাধ স্বীকার করে মামলা নিষ্পত্তির আবেদন করলে আদালত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে এ রায় দেন।
এর আগে গত ১৪ নভেম্বর কক্সবাজার শহরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে নানা অনিয়মের চিত্র উঠে আসে। ওই অভিযানে চৌরঙ্গী বেকারির উৎপাদনস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, লেবেলবিহীন ভেজাল ঘি উৎপাদন এবং অপরিচ্ছন্ন কাপড়ে ঢেকে দই তৈরির মতো অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৮ লাখ টাকা জরিমানার ঘোষণা দেওয়া হলেও তা আদায় করা সম্ভব হয়নি। পরবর্তীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কক্সবাজারের পক্ষ থেকে চৌরঙ্গী বেকারি ও কাসুন্দী রেস্টুরেন্টের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পৃথক দুটি প্রসিকিউশন দাখিল করা হয়।
অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে অগ্রসর হওয়ার মতো উপাদান থাকায় আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী আদালতে আত্মসমর্পণ করে অপরাধ স্বীকার করায় তাকে ৮ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর না করে তাকে মুক্তি দেওয়া হয়। সুত্র, সিবিএন